রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬

বরগুনা জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

হোম » বরগুনা » বরগুনা জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬


 

বরগুনা জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

 

অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।

 

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ, পিপিএম। প্যারেডে দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং পোশাক-পরিচ্ছদের মানদণ্ডে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি।

 

পরে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে মো. জুলফিকার আলী হায়দার বলেন, পেশাগত দায়িত্ব পালনে প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ শৃঙ্খলা, দক্ষতা ও ক্ষিপ্রতা বজায় রাখতে হবে। পাশাপাশি পোশাকবিধি অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জন পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন থানা, কোর্ট, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৫৪