রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ন্যায্যতায় ঋণ নয়, শর্তহীন অর্থায়নের দাবি কলাপাড়ার কৃষকদের
হোম » পটুয়াখালী » জলবায়ু ন্যায্যতায় ঋণ নয়, শর্তহীন অর্থায়নের দাবি কলাপাড়ার কৃষকদের
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন নয়, ঋণও নয়। উপকূলীয় মানুষের নিরাপত্তা ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়নের দাবি জানিয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার কৃষক, শ্রমিক ও পরিবেশকর্মীরা। এ দাবিতে উপজেলার একটি ধানখেতের আইলে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানববন্ধন ও আলোচনা সভা করেছেন তাঁরা।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ইটবাড়িয়া গ্রামের ধানখেতের আইলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে ‘আইল থেকে আনতালিয়া’ শীর্ষক ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে কৃষকেরা কোদাল, লাঙল ও নারীদের পানির কলস নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।
প্রান্তজনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি অমল মুখার্জী। বক্তব্য দেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মান্নু, মোশাররফ হোসেন মিন্টু ও তানজিল জামান জয়।
অনুষ্ঠানে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সাত দফা দাবি তুলে ধরেন প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। উপকূলের প্রত্যন্ত গ্রাম থেকে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে এসব দাবি পৌঁছে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে কৃষক, শ্রমিক, পরিবেশকর্মী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৮
