রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬

নেছারাবাদে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ১০ হাজার মানুষের সমাগম

হোম » পিরোজপুর » নেছারাবাদে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ১০ হাজার মানুষের সমাগম
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬


নেছারাবাদে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ১০ হাজার মানুষের সমাগমসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে দেশ-বিদেশের খ্যাতনামা ক্বারিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। মিশর, পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও দক্ষিণ আফ্রিকার ক্বারিদের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শুনতে সম্মেলনে সমবেত হন ১০ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থী।

 

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করে হামিদা-সাঈদ ফাউন্ডেশন। ওস্তাজুল ক্বোররা মরহুম হাফেজ ক্বারী মো. সাঈদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা ক্বারিরা কোরআন তিলাওয়াত করেন।

 

নেছারাবাদ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আ.জ.ম. অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। প্রধান আলোচক ছিলেন কোরআন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব ও আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতার বিচারক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

 

হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার এবং স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন।

 

সম্মেলনে কোরআন তিলাওয়াত করেন মিশরের শায়েখ ক্বারী আবদেল নাসের হারাক, বাংলাদেশের শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, পাকিস্তানের শায়খ ক্বারী আনোয়ারুল হাসান বোখারী, আফগানিস্তানের শায়খ ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের শায়খ ক্বারী ওয়াহীদ খাজায়ঈ, দক্ষিণ আফ্রিকার শায়খ ক্বারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের শায়খ মুফতি হাফেজ ক্বারী মো. জাকারিয়া। স্থানীয় ক্বারিদের মধ্যে তিলাওয়াত করেন হাফেজ ক্বারী আবু সালেহ মো. হুসাইনসহ অন্যরা।

 

বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বিদ্যালয় মাঠে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও ধর্মীয় আবহের। নারীদের অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের হলরুমে পৃথক বসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

 

অনুষ্ঠানে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান খান বলেন, মা-বাবার স্মৃতি ধরে রাখতে তাঁদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত। দেশ-বিদেশের সম্মানিত ক্বারিদের এই পুণ্যভূমিতে উপস্থিত করতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সম্মেলন আয়োজনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক অধ্যাপক মো. মাহমুদুর রহমান খান। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ৯:৫৪:২০