শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬

কাউখালীতে আশ্রমের কমিটি স্থগিতের খবরকে ‘মিথ্যা’ দাবি কর্তৃপক্ষের

হোম » পিরোজপুর » কাউখালীতে আশ্রমের কমিটি স্থগিতের খবরকে ‘মিথ্যা’ দাবি কর্তৃপক্ষের
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


 

কাউখালীতে আশ্রমের কমিটি স্থগিতের খবরকে ‘মিথ্যা’ দাবি কর্তৃপক্ষের

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কার্যকরী কমিটির কার্যক্রম স্থগিত এবং কমিটিতে দুই ভারতীয় নাগরিক থাকার বিষয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছে আশ্রম কর্তৃপক্ষ।

 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করা হয়। বক্তব্য পাঠ করেন আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী কমল দত্ত।

 

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ নভেম্বর জাতীয় দৈনিক আমার দেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ‘কাউখালীতে আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত’ শিরোনামে প্রকাশিত সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি গঠনতন্ত্র ও বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করে বৈধ প্রক্রিয়ায় গঠিত হয়েছে। কমিটির সব সদস্য বাংলাদেশের স্থায়ী নাগরিক বলেও দাবি করা হয়।

 

আশ্রম কর্তৃপক্ষ জানায়, সাবেক সাধারণ সম্পাদক রণজয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাস কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি দীর্ঘদিন আশ্রমের দায়িত্ব পালন করেছেন এবং অসুস্থতার কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও কাল্পনিক বলে দাবি করা হয়।

 

লিখিত বক্তব্যে আশ্রমের কার্যক্রম স্থগিত কিংবা প্রশাসক নিয়োগের তথ্য নাকচ করা হয়। কর্তৃপক্ষের দাবি, বর্তমান কমিটির নেতৃত্বে আশ্রমের নিয়মিত পূজা-অর্চনা, সেবামূলক ও সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আশ্রমের ১৩৫তম আবির্ভাব উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে একটি উপকমিটিও গঠন করা হয়েছে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, উৎসব আয়োজনের বিষয়ে প্রশাসনের কাছে আবেদন করা হলেও কমিটি স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

এদিকে আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয় লিখিত বক্তব্যে। তাঁর বিরুদ্ধে আশ্রমের অর্থ নিয়ে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানোর দাবি করা হলেও সংবাদ সম্মেলনে এসব অভিযোগের পক্ষে কোনো স্বতন্ত্র প্রমাণ উপস্থাপনের কথা জানানো হয়নি।

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, শ্রীগুরু সংঘ বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ও অরাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান। বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। সংবাদ প্রকাশের আগে প্রকৃত তথ্য যাচাইয়ের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

 

সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা যাচাইয়ের অনুরোধ জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, সহসভাপতি শংকর দেবনাথ, সহসাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০২ ● ২৩ বার পঠিত