শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
সুজনের দুই যুগপূর্তি উপলক্ষে নলছিটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা
হোম » ঝালকাঠি » সুজনের দুই যুগপূর্তি উপলক্ষে নলছিটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগান সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর দুই যুগপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
১২ নভেম্বর সুজনের দুই যুগপূর্তি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে।
সভায় সুজনের পক্ষ থেকে খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। প্রধান বক্তা ছিলেন সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদ।
সুজন নলছিটি উপজেলা কমিটির সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন নলছিটি পৌর কমিটির সাধারণ সম্পাদক খালিদ হাসান তালুকদার। সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আরেফিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক শামসুল আলম খান বাহার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোহেসীন, সুজন নলছিটি উপজেলা কমিটির সম্পাদক মো. শাহাদাৎ আলম, সহসভাপতি আ. কদ্দুস তালুকদার, পৌর কমিটির সভাপতি একরামুল করিম মিঠু, সহসভাপতি শরীফুল ইসলাম পলাশ ও শহিদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৭
