শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
জলবায়ু ন্যায্যতায় ঋণ নয়, অনুদান চায় মোংলার পরিবেশকর্মীরা
হোম » খুলনা » জলবায়ু ন্যায্যতায় ঋণ নয়, অনুদান চায় মোংলার পরিবেশকর্মীরা
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদান প্রদান এবং বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি জানানো হয়েছে। শনিবার বাগেরহাটের মোংলায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে আয়োজিত সাইকেল র্যালি, মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানান পরিবেশকর্মীরা।
বক্তারা বলেন, জলবায়ু সংকটে বাংলাদেশের অবদান সবচেয়ে কম হলেও দেশটি এর ভয়াবহ ক্ষতিকর প্রভাবের শিকার। এ সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে মোংলার কানাইনগর এলাকায় পশুর নদের পাড়ে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি পালিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এ আয়োজন করে।
সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। বক্তব্য দেন ধরা’র নেত্রী কমলা সরকার, জানে আলম বাবু, ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসান, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক অসীমা মন্ডল ও বৃষ্টি সরকার।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে হবে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন ও সংকট সমাধানে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ সব জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হবে।
কমলা সরকার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে।
মেহেদী হাসান পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর করপোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধের আহ্বান জানান। তিনি স্থানীয় বীজ, ঐতিহ্যগত জ্ঞান ও পরিবেশবান্ধব কৃষির প্রসারের পাশাপাশি শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫০
