শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
কয়রায় এলজিইডিতে জনবল সংকট, প্রকৌশলী ছাড়াই চলছে উন্নয়নকাজ
হোম » খুলনা » কয়রায় এলজিইডিতে জনবল সংকট, প্রকৌশলী ছাড়াই চলছে উন্নয়নকাজ
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যক্রমে চরম জনবল সংকট দেখা দিয়েছে। ছয় মাসের বেশি সময় ধরে উপজেলা প্রকৌশলীর পদ শূন্য। এর মধ্যে অফিসের একমাত্র উপসহকারী প্রকৌশলীকে বদলি করায় কার্যত কারিগরি জনবলশূন্য হয়ে পড়েছে দপ্তরটি। ফলে উপজেলার গ্রামীণ সড়ক, সেতু-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি ও কাজের গুণগত মান নিশ্চিত করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কয়রা উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ছয় মাসেরও বেশি সময় আগে উপজেলা প্রকৌশলীকে বদলি করা হলেও ওই পদে এখন পর্যন্ত স্থায়ীভাবে কাউকে পদায়ন করা হয়নি। বর্তমানে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব হিসেবে কয়রার দায়িত্ব পালন করছেন। পাইকগাছা উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। অন্যদিকে কয়রায় রয়েছে সাতটি ইউনিয়ন। ফলে দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব সামলাতে হচ্ছে একজন প্রকৌশলীকে।
এর মধ্যে গত ৪ নভেম্বর কয়রা অফিসে কর্মরত একমাত্র উপসহকারী প্রকৌশলীকে বটিয়াঘাটা উপজেলায় বদলি করা হয়েছে। তিনি সেখানে যোগদানও করেছেন। তবে তাঁর স্থলে এখন পর্যন্ত কাউকে পদায়ন করা হয়নি। এমনকি অন্য কোনো কর্মকর্তাকেও এ দায়িত্ব দেওয়া হয়নি। ফলে মাঠপর্যায়ে উন্নয়ন প্রকল্পের কারিগরি তদারকি ও নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের দায়িত্ব পালনের মতো কোনো উপসহকারী প্রকৌশলী বর্তমানে অফিসটিতে নেই।
এ অবস্থায় উপজেলার গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একজন প্রকৌশলীর পক্ষে দুটি উপজেলার বিপুলসংখ্যক উন্নয়ন প্রকল্প নিয়মিত পরিদর্শন ও তদারকি করা কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ কয়রায় যোগাযোগ অবকাঠামোর গুরুত্ব অনেক বেশি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো দ্রুত সংস্কার করা প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রকৌশলী ও কারিগরি জনবল না থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করা কঠিন হয়ে পড়তে পারে।
কয়রার ঠিকাদার আলহাজ আব্দুল্যাহ ফকির বলেন, পাইকগাছা উপজেলা প্রকৌশলী কয়রার অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তিনি সপ্তাহে মাত্র এক দিন কয়রা অফিসে আসেন। অনেক সময় সেটিও সম্ভব হয় না। ফলে উন্নয়নকাজের তদারকি, বিল-ভাউচার সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন দাপ্তরিক কাজে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এভাবে একটি উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কঠিন। কয়রার উন্নয়ন কর্মকাণ্ডের স্বাভাবিক গতি বজায় রাখতে দ্রুত একজন স্থায়ী উপজেলা প্রকৌশলীসহ কয়েকজন উপসহকারী প্রকৌশলী নিয়োগের দাবি জানান তিনি।
সচেতন মহলের মতে, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বরাদ্দ দেওয়ার পাশাপাশি সেসব কাজের যথাযথ তদারকি নিশ্চিত করাও জরুরি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় উপজেলার এলজিইডি অফিসে উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী না থাকাটা উদ্বেগজনক। দ্রুত প্রয়োজনীয় জনবল পদায়ন না হলে উন্নয়নকাজের গতি ও গুণগত মান দুটোই প্রশ্নের মুখে পড়তে পারে।
এ বিষয়ে এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার বলেন, কয়রা উপজেলা এলজিইডি অফিসে প্রয়োজনীয় কর্মকর্তা না থাকার বিষয়টি তাঁদের নজরে রয়েছে। সম্প্রতি নতুন নিয়োগের মাধ্যমে কিছু কর্মকর্তা যোগদান করেছেন। জনবল সংকট নিরসনে কয়রা অফিসে দ্রুত একজন উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী পদায়নের উদ্যোগ নেওয়া হবে। আশা করছেন, অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।
তবে স্থানীয়দের প্রশ্ন, কবে মিলবে স্থায়ী প্রকৌশলী, কবে ফিরবে মাঠপর্যায়ের নিয়মিত তদারকি? উপকূলীয় কয়রার গুরুত্বপূর্ণ উন্নয়ন অবকাঠামো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।
বাংলাদেশ সময়: ১১:৩৮:৫১ ● ২৩ বার পঠিত
