শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬

কলাপাড়ার ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮ শিক্ষকের পদ শূন্য, ব্যাহত পাঠদান

হোম » পটুয়াখালী » কলাপাড়ার ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮ শিক্ষকের পদ শূন্য, ব্যাহত পাঠদান
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


কলাপাড়ার ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮ শিক্ষকের পদ শূন্য, ব্যাহত পাঠদানসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলার ৩২টি এমপিওভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ১০৮টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। বিশেষ করে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক সংকটে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এর প্রভাব পড়ছে শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলে।

 

দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকলেও তা পূরণে কার্যকর উদ্যোগ না থাকায় সংকট বাড়ছে। একজন শিক্ষককে একাধিক শ্রেণি ও বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। এতে নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করা কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত ক্লাস না পেয়ে অনেক শিক্ষার্থী কোচিং সেন্টার ও ইউটিউবের পাঠের ওপর নির্ভর করছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যেও অসন্তোষ রয়েছে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তথ্য অনুযায়ী, কলাপাড়ার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১০৮টি শিক্ষকের পদ শূন্য। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে জানা গেছে, শিক্ষক সংকটের কারণে অনেক শিক্ষককে সপ্তাহে ২৫ থেকে ২৭টি ক্লাস নিতে হচ্ছে। অথচ সাধারণত তাঁদের ১৫ থেকে ১৭টি ক্লাস নেওয়ার কথা।

 

বিদ্যালয়ভিত্তিক তথ্যে দেখা গেছে, খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা ও ইংরেজি বিষয়ে দুটি এবং সামাজিক বিজ্ঞানে তিনটি পদসহ জেনারেল ইলেকট্রিক্যাল বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে। খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি। হাজী আবদুস সোবহান শিকদার মডেল একাডেমিতে আইসিটি এবং চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই।

 

চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, সমাজবিজ্ঞান, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি, শরীরচর্চা, চারু ও কারুকলা এবং সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য। মধ্যটিয়াখালী এ কে এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।

 

লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক এবং ল্যাব অপারেটরের পদ শূন্য। উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, জীববিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। লালুয়া এস কে জে বি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। তোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়েও পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে।

 

পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সমাজবিজ্ঞান, বাংলা, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য। মেনহাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।

 

পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। মহিপুর কে-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। মুসল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি, সহকারী প্রধান শিক্ষক, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক নেই।

 

আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি, বিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। ধানখালী এস এইচ অ্যান্ড আশরাফ একাডেমিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।

 

ধানখালী গাজী এ মান্নান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গণিত, ভৌতবিজ্ঞান, আইসিটি ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। শিশু পল্লী একাডেমিতে আইসিটি ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। তুলাতুলি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে।

 

ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। চরচাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য। হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য রয়েছে।

 

শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ না হওয়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। একজন শিক্ষককে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের যথাযথ পাঠদান নিশ্চিত করা যাচ্ছে না।

 

অভিভাবক ও প্রভাষক আবু তালেব ইভান বলেন, প্রতিটি বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া উচিত। পাশাপাশি শিক্ষকেরা যাতে প্রাইভেট ও কোচিংয়ে যুক্ত না হন, সে বিষয়েও সরকারের গুরুত্ব দেওয়া দরকার।

 

পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান বলেন, ইতোমধ্যে শিক্ষক নিবন্ধনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে। অষ্টম নিবন্ধনের জন্য শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে এসব পদে শিক্ষক পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। প্রতিষ্ঠানপ্রধান না থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। সেখান থেকে প্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক পাওয়া যাবে। নিবন্ধন ছাড়া শিক্ষক নিয়োগের সুযোগ নেই।

 

সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের দাবি, দ্রুত প্রতিটি বিদ্যালয়ে শূন্য পদে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক সংকট নিরসন করতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১০:২৩:৫৪ ● ৬২ বার পঠিত