শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
পাঁচ বছরের ‘পিনু’ এখন প্রধানমন্ত্রী, গর্বিত পাথরঘাটার সেই শিক্ষক
হোম » বরগুনা » পাঁচ বছরের ‘পিনু’ এখন প্রধানমন্ত্রী, গর্বিত পাথরঘাটার সেই শিক্ষক
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
পাঁচ বছর বয়সে যে শিশুর হাতেখড়ি হয়েছিল তাঁর কাছে, স্নেহ করে যাকে ডাকতেন ‘পিনু’, সেই ছাত্র আজ দেশের প্রধানমন্ত্রী। তাঁর আরেক ছাত্র জাতীয় সংসদের চিফ হুইপ। শিক্ষকতা জীবনে এমন দুই শিক্ষার্থীর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসা নিয়ে গর্বিত বরগুনার পাথরঘাটার প্রবীণ শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ কাজী আবদুর রশিদ। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, কঠিন হয়েছে চলাফেরা। কিন্তু স্মৃতিতে এখনো জীবন্ত সেই ছোট্ট পিনু। প্রধানমন্ত্রীর কাছে তাঁর কোনো ব্যক্তিগত চাওয়া নেই। শুধু চান, তাঁর ছাত্র যেন দেশকে সুন্দরভাবে গড়ে তোলেন, মানুষের কল্যাণে কাজ করেন।
১৯৭২ সালে কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন কাজী আবদুর রশিদ। সেখানেই পাঁচ বছর বয়সী তারেক রহমানের শিক্ষাজীবনের প্রথম পাঠের সঙ্গে যুক্ত হন তিনি। ছোট্ট তারেককে আদর করে ‘পিনু’ বলে ডাকতেন। ভদ্র, নম্র ও বুদ্ধিদীপ্ত সেই শিশুর স্মৃতি এত বছর পরও অমলিন তাঁর মনে।
সোমবার নিজের বাড়িতে কথা বলতে গিয়ে সাবেক এই অধ্যক্ষ জানান, তারেক রহমানের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সঙ্গেও তাঁর স্মৃতিময় সম্পর্ক রয়েছে। তাঁর দাবি, জিয়াউর রহমান তাঁর বাড়িতে খাবার খেয়েছেন। ১৯৭৯ সালের ২৭ ডিসেম্বর প্রিয় ছাত্র পিনুর খোঁজখবর জানতে চেয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি চিঠিও লিখেছিলেন তিনি। চিঠিতে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ছোট্ট পিনুর প্রতি ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছিলেন।
চিঠির শেষাংশে লেখা ছিল, ‘আমার প্রিয় ছোট ছাত্র পিনুকে আমার ভালোবাসা ও আশীর্বাদ, যাকে আমি দীর্ঘ বছর ধরে দেখতে পারিনি এবং আমি জানি না সে এখন কত বড় হয়েছে।’
দীর্ঘ সময় পেরিয়ে সেই ছাত্র আজ দেশের প্রধানমন্ত্রী। অথচ প্রিয় শিক্ষকের চাওয়া-পাওয়ার হিসাব একেবারেই আলাদা। কোনো ব্যক্তিগত সুবিধা কিংবা পদ-পদবির প্রত্যাশা নেই তাঁর। আবদুর রশিদ বলেন, ‘আমার কিছুই চাওয়ার নেই। আমি শুধু দোয়া করি, তিনি যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারেন। এটাই আমার চাওয়া। আমার ছেলেরা প্রতিষ্ঠিত। আমি এখনো লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি।’
নিজের শিক্ষকতা জীবন ও ছাত্রদের নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি একজন সাধারণ শিক্ষক। আমার ছাত্র দেশের প্রধানমন্ত্রী, আরেকজন জাতীয় সংসদের চিফ হুইপ। আমি তারেক রহমানকে আদর করে পিনু বলে ডাকতাম। আমার পিনু হয়তো জানেন না আমি কোথায়, কীভাবে আছি, বেঁচে আছি কি না। রাষ্ট্রের কত কাজ, কত ব্যস্ততা।’
১৯৪০ সালের ২৬ অক্টোবর বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে জন্ম কাজী আবদুর রশিদের। ১৯৬০ সালে বরিশালের বাবুগঞ্জের রহমতগঞ্জ হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। পরে নিজ এলাকার কালমেঘা মুসলিম হাইস্কুলে শিক্ষকতা করেন। সেখানে তাঁর শিক্ষার্থীদের একজন ছিলেন বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ মো. নুরুল ইসলাম মনি।
১৯৬৭ সালে কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুলে যোগ দেন তিনি। ১৯৮০ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এবং ১৯৮৫ সালে যশোর সেনানিবাসের দাউদ পাবলিক স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান ও গড়ে তোলার সুযোগ পেয়েছেন তিনি।
নিজ এলাকায় শিক্ষার প্রসারেও রেখেছেন অবদান। পাথরঘাটা হাইস্কুলে কিন্ডারগার্টেন শাখা প্রতিষ্ঠা এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়নে কাজ করেছেন। নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ‘কে আর এলিমেন্টারি স্কুল’। ২০১২ সালে শিক্ষকতা থেকে অবসর নেন এই শিক্ষাবিদ।
বর্তমানে পাথরঘাটা পৌরসভার চার নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন তিনি। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন। স্মৃতিতে ফিরে আসে শিক্ষকতার দিনগুলো, শ্রেণিকক্ষের শিক্ষার্থীরা আর তাঁদের সঙ্গে কাটানো সময়।
একসময় যে শিশুকে বর্ণমালার প্রথম পাঠ দিয়েছিলেন, সেই ছাত্র আজ দেশের প্রধানমন্ত্রী। আরেক ছাত্র জাতীয় সংসদের চিফ হুইপ। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে প্রবীণ এই শিক্ষকের কাছে এ অর্জনই সবচেয়ে বড় তৃপ্তি। তাঁর প্রত্যাশা, শিক্ষার্থীরা শুধু নিজেদের অবস্থানই নয়, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনেও ভূমিকা রাখবেন।
বাংলাদেশ সময়: ১২:২৫:২৩ ● ১৪ বার পঠিত
