শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬

৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, এলাকায় তোলপাড়

হোম » লিড নিউজ » ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, এলাকায় তোলপাড়
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


 

৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, এলাকায় তোলপাড়

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোড়েলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের ১৫ মাস বয়সী শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে হস্তান্তরের এ ঘটনায় মোড়েলগঞ্জ ও মোংলা উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

 

অভিযুক্ত মা অনিকা আক্তারের (১৮) বাড়ি উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তিনি ওই গ্রামের পলাশ শেখের মেয়ে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে অনিকার বিয়ে হয়। তাঁদের সংসারে আল-আমিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। পরে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ১৫ মাস বয়সী শিশুটিকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তিনি।

 

স্থানীয় এক প্রতিবেশীর স্ত্রী ও শিশুটির নানা পলাশ শেখের সহযোগিতায় বুধবার বিকেলে মোংলা উপজেলার এক ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশুটির মূল্য নির্ধারণ করা হয় ৬০ হাজার টাকা। তবে এর মধ্যে মা অনিকা আক্তার পেয়েছেন মাত্র ৩০ হাজার টাকা। স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে এ লেনদেন সম্পন্ন হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে অনিকা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাচ্চাকে খাবার দিতে পারতাম না, অসুস্থ হলে চিকিৎসাও করাতে পারতাম না। অনেক কষ্টে আছি বলেই নিজ ইচ্ছায় ওকে অন্যের কাছে দিয়েছি, যাতে ও অন্তত ভালো থাকে।’

 

এ ঘটনায় শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁদের দাবি, দ্রুত শিশুটিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিতে হবে। একই সঙ্গে শিশুটিকে গ্রহণকারী ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানান, শিশু হস্তান্তরের ঘটনায় জড়িত ব্যক্তি এবং শিশুটির মা অনিকা আক্তারসহ সংশ্লিষ্টদের শুক্রবার সকালে হাজির হতে বলা হয়েছে। তাঁদের বক্তব্য শোনার পর দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৯:৪০:৫৭ ● ২২ বার পঠিত