মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার যুবদল নেতা

হোম » বরিশাল » বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার যুবদল নেতা
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার যুবদল নেতাসাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুরঞ্জিত দাসের চেম্বারে হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে গালাগাল ও মারধরের অভিযোগ ওঠে ইমরান খানের বিরুদ্ধে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক সুরঞ্জিত দাস বহির্বিভাগে রোগী দেখছিলেন। এ সময় ইমরান খানের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক। বিষয়টি ছেলেকে জানান বেলায়েত হোসেন। কিছুক্ষণ পর ইমরান খান তিন থেকে চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ ও গালাগাল করেন। পরে তাঁকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

 

পরিস্থিতির একপর্যায়ে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক সুরঞ্জিত দাস।

 

সুরঞ্জিত দাস বলেন, ‘রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। এ কারণে ইমরান খান আমার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। তিনি আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং মারধর করেন। আমি বাকেরগঞ্জ থানায় মামলা করেছি।’

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপির সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৭:৩২ ● ২৫ বার পঠিত