মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬

বাউফলে তেঁতুলিয়া নদীর পাড় কেটে তরমুজখেতের বাঁধ, ভাঙনের ঝুঁকিতে কৃষিজমি

হোম » পটুয়াখালী » বাউফলে তেঁতুলিয়া নদীর পাড় কেটে তরমুজখেতের বাঁধ, ভাঙনের ঝুঁকিতে কৃষিজমি
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

বাউফলে তেঁতুলিয়া নদীর পাড় কেটে তরমুজখেতের বাঁধ, ভাঙনের ঝুঁকিতে কৃষিজমি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে তরমুজ চাষের জমি প্রস্তুত করতে তেঁতুলিয়া নদীর পাড় থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। নদীর পাড়ের মাটি দিয়ে তরমুজখেত রক্ষায় বাঁধ নির্মাণ করছেন প্রভাবশালী চাষিরা। এতে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, হুমকিতে পড়ছে উপকূলীয় অঞ্চলের কৃষি।

 

স্থানীয়দের অভিযোগ, উপজেলার অন্তত ২০টি চরে ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কাটা হচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বাউফলের চর ফেডারেশন, চর শৌলা, ডুবা চর, আগলা চর, চর মোয়াজ্জেম, চর ব্যারেট, রায়সাহেব, দিয়ারা কচুয়া, চর নিমদী, চর মমিনপুর, মঠবাড়িয়ার চর ও চর বাসুদেব পাশাসহ বিভিন্ন চরে তরমুজ চাষের প্রস্তুতি চলছে। এসব এলাকায় প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১২ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

 

জোয়ারের পানি থেকে খেত রক্ষায় নদীর পাড় ঘেঁষে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এসব বাঁধের মাটি সংগ্রহ করা হচ্ছে নদীর পাড় কেটেই।

 

তেঁতুলিয়া নদীতে নিয়মিত নৌকা ও ট্রলার চালান এমন অন্তত পাঁচজন মাঝি বলেন, গত কয়েক বছরে তরমুজখেতের জন্য নদীর যেসব পাড় কেটে বাঁধ নির্মাণ করা হয়েছে, সেসব এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর পাড় ভেঙে অনেক আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তাঁদের অভিযোগ, তরমুজ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবশালীরা জড়িত থাকায় মাটি কাটা বন্ধ হচ্ছে না।

 

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ ও চর কালাইয়ার চর ফেডারেশন, চর কালাইয়া এবং চর বাইলা এলাকায় ভেকু মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কেটে বাঁধ নির্মাণ করা হচ্ছে। চর ফেডারেশনের পূর্ব পাশে প্রিন্স নামের এক চাষি প্রায় ৪০ একর জমি প্রস্তুত করছেন। এ জন্য তিনি চট্টগ্রাম থেকে ভেকু মেশিন ভাড়া এনে নদীর পাড় কেটে বাঁধ নির্মাণ করছেন।

 

এ বিষয়ে প্রিন্স সাগরকন্যাকে জানান, তিনি স্থানীয় ওমর মুন্সী নামের এক ব্যক্তির কাছ থেকে জমি ইজারা নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জমির মালিকদের কাছ থেকে ওমর মুন্সী কম দামে এক বছরের জন্য জমি ইজারা নিয়ে তরমুজ চাষিদের কাছে বেশি দামে ইজারা দিচ্ছেন।

 

পরিবেশবিষয়ক সংগঠন ‘সেইভ দ্য বে অ্যান্ড বার্ডস’-এর পরিচালক এম এ বাশার বলেন, প্রতি বছর নদীর চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে তরমুজ চাষ করেন কৃষকেরা। বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে নদীর তলদেশ গভীর হয়ে পানির প্রবাহের গতি বেড়ে যায় এবং পাড়ের ভাঙন তীব্র হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, তরমুজ একটি অর্থকরী ফসল। নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি কৃষিনির্ভর মানুষের জীবিকাও ঝুঁকিতে পড়তে পারে। স্বল্পমেয়াদে ফসল রক্ষার এ উদ্যোগ দীর্ঘমেয়াদে কৃষির জন্য ক্ষতির কারণ হতে পারে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, মাটি কেটে খেতের বাঁধ নির্মাণের জন্য অনেক কৃষক আবেদন করেছেন। সরেজমিন যাচাই-বাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, নদীর পাড় কেটে খেতের বাঁধ নির্মাণ না করতে কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে। এরপরও কেউ এমন কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৪ ● ১৭ বার পঠিত