সোমবার ● ৯ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হোম » পিরোজপুর » পিরোজপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


পিরোজপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তারসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দৈহারী ইউনিয়ন শাখার সভাপতি সুদর্শন মন্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

 

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গণকপাড়া বাজারসংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি সুদর্শন মন্ডল। মামলা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

 

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়ন কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি তিনি ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানিসহ নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি বাড়িতে ফিরে নানা ষড়যন্ত্রে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুদর্শন মন্ডলের ভাই সুব্রত মন্ডল। তিনি বলেন, রাজনৈতিক বিরোধের জেরে মিথ্যা মামলায় তার ভাইকে আসামি করা হয়েছে।

 

সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিপদ রঞ্জন মন্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, সুদর্শন মন্ডলের বিরুদ্ধে অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। সোমবার বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪০ ● ২৪ বার পঠিত