রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
বরগুনায় জাতীয় সমবায় দিবস উদযাপন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান
হোম » বরগুনা » বরগুনায় জাতীয় সমবায় দিবস উদযাপন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
‘করব সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সম্মিলিত উদ্যোগ। ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে সমবায়ের মাধ্যমে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব। তবে সমবায় সমিতিগুলোকে প্রকৃত জনকল্যাণমুখী করতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সমবায় সমিতির নামে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা সাধারণ মানুষের অর্থ আত্মসাতের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। সদস্যদের স্বার্থ রক্ষা করে সমবায় কার্যক্রম পরিচালনার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠী, নারী ও তরুণদের এ কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বজল চন্দ্রশীল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম টিটু মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস সাকুর।
স্বাগত বক্তব্য দেন বরগুনা জেলা সমবায় কর্মকর্তা এফ.এম. জাফর সানি। সভা সঞ্চালনা করেন সমবায় পরিদর্শক আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:২৩ ● ২৮ বার পঠিত
