রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যশোরের এক ব্যক্তি গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যশোরের এক ব্যক্তি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আল আমিন মৃধা (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হোন্ডা হর্নেট মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) রাতের প্রথম প্রহরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী টোলপ্লাজার উত্তর পাশে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব হোসেন লেবুখালী টোলপ্লাজায় রাতের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোটরসাইকেলে করে এক ব্যক্তি মাদক নিয়ে পটুয়াখালীর দিকে আসছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।
পরে সন্দেহভাজন একটি কালো রঙের হোন্ডা হর্নেট মোটরসাইকেল থামিয়ে চালক আল আমিন মৃধার দেহ তল্লাশি করা হয়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার আল আমিন মৃধা যশোর জেলার চৌগাছা থানার নারায়ণপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত আবু বক্কর মৃধার ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিনের দাখিল করা ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ ধারায় মামলা হয়েছে। ৮ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ৬। গ্রেপ্তার ব্যক্তিকে আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:০৪ ● ২২ বার পঠিত
