রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, দাবি শেখ হাসিনার প্রত্যাবর্তন
হোম » বরগুনা » আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, দাবি শেখ হাসিনার প্রত্যাবর্তন
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বরগুনার আমতলীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল ৯টার দিকে ছাত্রলীগ কর্মী মো. মাজহারুল ইসলাম নবাব তালুকদারের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি বিক্ষোভ মিছিল আমতলী-কুয়াকাটা মহাসড়কের ছুরিকাটা এলাকায় বের করেন। মিছিলে শেখ হাসিনার ছবি ও ব্যানার বহন করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে আমতলীতে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল-মিটিং করতে পারছেন না। তবে চলতি বছরের জুলাই থেকে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আমতলী-কুয়াকাটা মহাসড়ক ও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল করছেন।
শনিবারের মিছিলের নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ কর্মী মো. মাজহারুল ইসলাম নবাব তালুকদার মোবাইল ফোনে বলেন, ‘আমতলীর মাটি শেখ হাসিনার ঘাঁটি। এ ঘাঁটিতে দ্রুত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। তাঁকে ফিরিয়ে আনতেই এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।’
আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল মতিন খাঁন বলেন, ছাত্রলীগ কর্মী মাজহারুল ইসলাম নবাব তালুকদারের নেতৃত্বে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
তবে মিছিলের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ছাত্রলীগের মিছিলের সত্যতা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে বলে তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৭:৫৭:১৩ ● ২৯ বার পঠিত
