শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক করছে প্রশাসন
হোম » চট্টগ্রাম » অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক করছে প্রশাসন
সাগরকন্যা প্রতিবেদক, চাঁদপুর
দেশজুড়ে চাঁদপুরের ইলিশের সুনামকে পুঁজি করে অনলাইনে প্রতারণা করে আসছে একটি অসাধু চক্র। ভুয়া ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ধরনের প্রতারণা বন্ধে অনলাইনে ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীদের লাইসেন্স বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
এ বিষয়ে গত বুধবার জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুরের ইলিশের স্বাদ ও সুনাম অক্ষুণ্ন রাখা, মাছের মূল্য নিয়ন্ত্রণ এবং জেলার ভাবমূর্তি সমুন্নত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা ভুয়া ফেসবুক পেজ খুলে দেশজুড়ে প্রতারণা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় অনলাইনে ইলিশ বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ইলিশ বিক্রিতে আগ্রহী ব্যবসায়ীদের যোগ্যতা সাপেক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ফরমে ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তির পরিশিষ্ট-খ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স নিতে হবে।
জেলা মৎস্য বণিক সমিতি, জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে অনলাইনে প্রতারণা করে আসছে। এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল থেকে নয়জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আমরা এ পর্যন্ত বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে নড়াইল থেকে নয়জনসহ মোট ১১ জন প্রতারককে গ্রেপ্তার করে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে অনলাইনে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে ক্রেতাদের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, এখন থেকে ইলিশ নিয়ে আর প্রতারণা করার সুযোগ থাকবে না। আমরা অনলাইনে ইলিশ বিক্রেতাদের লাইসেন্সের আওতায় নিয়ে আসার ব্যবস্থা নিয়েছি।
বাংলাদেশ সময়: ২২:৫৫:০৭ ● ২৫ বার পঠিত
