শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিলের পর নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৭
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিলের পর নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৭
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে তাঁদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট এলাকায় আগৈলঝাড়া-গৌরনদী সড়কে ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার তথ্য পায় পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। পরে ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওলিউল সরদার (৩৫), উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল সরদার (২৩) ও রাব্বি মৃধা (৩০), গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কামরুল সরদার (৪৩), ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার (৩৮) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার (৬০) ও রাজিব সরদার (৩০)।
বাংলাদেশ সময়: ১৭:১০:২১ ● ১৮ বার পঠিত
