শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
বরগুনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
হোম » বরগুনা » বরগুনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকার হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মায়ের দোয়া ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খানের সৌজন্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এর আগেও তিনি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছেন।
ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক অ্যাডভোকেট মুরাদ খান, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. বাসার মাহমুদ, সাংবাদিক মো. আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়।
চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকে জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও চিকিৎসা করাতে পারেননি। বিনামূল্যে এ সেবা পেয়ে তাঁরা স্বস্তি প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের চিকিৎসার কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
বাংলাদেশ সময়: ১৬:৫১:২৬ ● ২২ বার পঠিত
