শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
সৌরভের সেই জার্সি খোলার উদ্যাপন, ২৪ বছর পর আদালতে কেন?
হোম » খেলা » সৌরভের সেই জার্সি খোলার উদ্যাপন, ২৪ বছর পর আদালতে কেন?
সাগরকন্যা খেলা ডেস্ক
লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে উল্লাস করছেন সৌরভ গাঙ্গুলী। ২০০২ সালের ১৩ জুলাই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ভারতের সাবেক অধিনায়কের সেই উদ্যাপন ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় ছবি। দুই দশকেরও বেশি সময় পর সেই দৃশ্যই জন্ম দিয়েছে নতুন বিতর্কের।
এবার মাঠের লড়াই নয়, সৌরভের নাম, পরিচিতি ও ক্রিকেটজীবনের ঐতিহাসিক মুহূর্তের বাণিজ্যিক ব্যবহার নিয়ে আইনি লড়াই। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই এসব ব্যবহার করে সিনেমা নির্মাণ ও প্রচার করছেন নির্মাতারা। বিষয়টি গড়িয়েছে দিল্লি হাইকোর্টে। আদালত সিনেমাটির প্রদর্শনী বন্ধ না করলেও নির্মাতাদের দুই কোটি রুপির নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিতর্কের কেন্দ্রে হিন্দি সিনেমা ‘দুসরা: ইন্ডিয়াস আদার ফ্রিডম স্ট্রাগল’। গত ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সৌরভের বায়োপিক নয়। অভিনয় দেও পরিচালিত সিনেমার গল্প রাজস্থানের একটি রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা তরুণী তারাকে ঘিরে। প্লাবিতা বোরঠাকুর অভিনীত এই চরিত্র সামাজিক বিধিনিষেধ ও ব্যক্তিগত বাধা পেরিয়ে এগিয়ে যেতে সৌরভের ক্রিকেটজীবন থেকে অনুপ্রেরণা খুঁজে পায়।
পরিচালকের বক্তব্য, সৌরভের জীবনকাহিনি নয়, বরং তাঁর একটি ঐতিহাসিক অর্জন কীভাবে সাধারণ একজন মানুষের জীবনেও প্রভাব ফেলতে পারে, সেটিই সিনেমার মূল বিষয়।
কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সৌরভ। তাঁর আইনজীবীদের দাবি, ছবির ট্রেলারের প্রায় এক-তৃতীয়াংশজুড়ে রয়েছে সৌরভের ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্ত। সিনেমার দ্বিতীয়ার্ধেও ন্যাটওয়েস্ট ফাইনালসহ তাঁর ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ব্যবহার করা হয়েছে। ফলে বায়োপিক না হয়েও ছবিটিতে সৌরভের নাম, পরিচিতি ও ক্যারিয়ার গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।
একই নায়ক, দুটি সিনেমা
বিতর্কের অন্য প্রান্তে রয়েছে সৌরভের অনুমোদিত বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’। ২০২১ সালের ৫ আগস্ট লভ ফিল্মস এলএলপির সঙ্গে এ বিষয়ে চুক্তি করেন সৌরভ। চুক্তি অনুযায়ী, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন, অভিজ্ঞতা এবং অর্জন নিয়ে অডিওভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণ ও বাণিজ্যিক ব্যবহারের একচ্ছত্র অধিকার পেয়েছে প্রতিষ্ঠানটি।
রাজকুমার রাও অভিনীত এই বায়োপিকের শুটিং শেষ হয়েছে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৪ মে।
লভ ফিল্মসের দাবি, সিনেমাটিতে তারা উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং এর বাণিজ্যিক স্বত্ব নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গেও কাজ করেছে। তাদের আশঙ্কা, অন্য একটি সিনেমায় সৌরভের নাম, পরিচিতি ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত অনুমতি ছাড়া ব্যবহার করা হলে অনুমোদিত বায়োপিকের বাণিজ্যিক মূল্য ও একচ্ছত্র অধিকার ক্ষতিগ্রস্ত হবে।
এ কারণে সৌরভ ও লভ ফিল্মস যৌথভাবে দিল্লি হাইকোর্টে আবেদন করেন। তাঁদের অভিযোগ, ‘দুসরা’য় সৌরভের ব্যক্তিত্ব স্বত্ব লঙ্ঘনের পাশাপাশি লভ ফিল্মসের সঙ্গে করা চুক্তির একচ্ছত্র অধিকারও ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা সিনেমাটির প্রেক্ষাগৃহ, ডিজিটাল প্ল্যাটফর্মসহ সব ধরনের মুক্তি ও বাণিজ্যিক প্রদর্শনী বন্ধের আবেদন জানান। একই সঙ্গে প্রচারসামগ্রীতে সৌরভের পরিচিতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চান।
ফুটেজের অনুমতি আর ব্যক্তিত্ব ব্যবহারের অধিকার কি এক?
‘দুসরা’র নির্মাতাদের যুক্তি, ছবিতে একজন ক্রিকেটারের সাফল্য ও প্রতিবাদী মুহূর্ত থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরি করা হয়নি।
ছবিটির আইনজীবী মধু গাডোদিয়া হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ন্যাটওয়েস্ট সিরিজের ফুটেজ ব্যবহারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে।
নির্মাতাদের বক্তব্য, সৌরভের ব্যক্তিত্ব স্বত্ব থাকলেও ক্রিকেট ম্যাচের ফুটেজের মালিকানা তাঁর নয়।
অন্যদিকে সৌরভের আইনজীবীদের যুক্তি, ম্যাচের ফুটেজ ব্যবহারের অনুমতি পাওয়া আর সেই ফুটেজের সঙ্গে সৌরভের নাম, পরিচিতি ও বিখ্যাত উদ্যাপন যুক্ত করে বাণিজ্যিক সুবিধা নেওয়া এক বিষয় নয়। তাঁদের মতে, ছবিতে সৌরভকে একধরনের ‘ছদ্ম নায়ক’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে দর্শকের মনে সিনেমাটির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা কিংবা অনুমোদন থাকার ধারণা তৈরি হতে পারে।
এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যক্তিত্ব স্বত্বের প্রশ্ন। সাধারণভাবে কোনো ব্যক্তির নাম, ছবি, অবয়ব, কণ্ঠ, পরিচিতি কিংবা তাঁর সঙ্গে বিশেষভাবে যুক্ত বৈশিষ্ট্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণের অধিকারকে ব্যক্তিত্ব স্বত্ব বলা হয়। অর্থাৎ কোনো ম্যাচের ভিডিও ব্যবহারের অনুমতি থাকলেই সেই ম্যাচের সঙ্গে যুক্ত ক্রিকেটারের পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহারের অধিকার পাওয়া যায় না।
মুক্তি বন্ধ নয়, তবে শর্ত দিয়েছে আদালত
সিনেমাটি মুক্তির আগেই আদালতের দ্বারস্থ হন সৌরভ ও লভ ফিল্মস। গত ২২ অক্টোবর দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ ভাটের অবকাশকালীন বেঞ্চ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি স্থগিত করতে রাজি হননি। আদালতের পর্যবেক্ষণ ছিল, মুক্তির আর মাত্র এক দিন বাকি থাকায় ওই মুহূর্তে প্রদর্শনী বন্ধ করার পক্ষে সুবিধার ভারসাম্য নির্মাতাদের দিকে রয়েছে।
পরদিন ছবিটি মুক্তি পায়। তবে আদালত নির্মাতাদের জবাব দিতে এবং সিনেমাটি আদালতে প্রদর্শনের ব্যবস্থা করতে বলেন। এতে অভিযোগের বিষয়গুলো সরাসরি পরীক্ষা করার সুযোগ তৈরি হয়।
গত ২৯ অক্টোবরের শুনানিতে সৌরভের আইনজীবীদের ছবির কোন কোন দৃশ্যে তাঁর ব্যক্তিত্ব স্বত্ব লঙ্ঘিত হয়েছে, তা সময় উল্লেখ করে তালিকা জমা দিতে বলা হয়। পাশাপাশি সৌরভের অনুমোদিত বায়োপিকের চিত্রনাট্যও আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর গতকাল মামলার অন্তর্বর্তী আবেদনের ওপর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন বিচারপতি তেজস কারিয়া। আদালত প্রাথমিকভাবে মনে করেন, ‘দুসরা’ সিনেমায় সৌরভের ব্যক্তিত্ব ও প্রচার স্বত্ব লঙ্ঘনের উপাদান রয়েছে। তবে ছবির গল্পের সঙ্গে তাঁর পরিচিতি ও ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্ত এমনভাবে যুক্ত যে সেগুলো বাদ দেওয়া সহজ নয়। তাই আপাতত সিনেমাটির প্রদর্শনী বন্ধের নির্দেশ দেননি আদালত।
তবে নির্মাতাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন আদালত।
প্রথমত, সৌরভের স্বার্থ সুরক্ষায় নির্মাতাদের দুই কোটি রুপির নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি দিতে হবে। দুই সপ্তাহের মধ্যে আদালতের রেজিস্ট্রারের কাছে এই গ্যারান্টি জমা দিতে হবে।
দ্বিতীয়ত, সিনেমার শুরুতে ও শেষে হিন্দি ও ইংরেজিতে একটি ঘোষণা যুক্ত করতে হবে। সেখানে স্পষ্ট করে জানাতে হবে, সৌরভের নাম ও পরিচিতি ব্যবহারের ক্ষেত্রে তাঁর সম্মতি নেওয়া হয়নি। এ নির্দেশ কার্যকর করতে নির্মাতাদের দুই দিন সময় দিয়েছেন আদালত।
ফলে আপাতত প্রেক্ষাগৃহে চলবে ‘দুসরা’। তবে পর্দায় সিনেমা শুরুর আগে ও শেষে দর্শকদের জানানো হবে, সৌরভের সম্মতি ছাড়াই তাঁর নাম ও পরিচিতি ব্যবহার করা হয়েছে।
লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উদ্যাপনের সেই ছবি একসময় ভারতের ক্রিকেট ইতিহাসের গৌরবময় মুহূর্ত হয়ে উঠেছিল। এবার সেই মুহূর্তের বাণিজ্যিক ব্যবহার ঘিরেই প্রশ্ন উঠেছে, একজন বিখ্যাত ব্যক্তির পরিচিতি ব্যবহার করে সিনেমা বানাতে কতটুকু স্বাধীনতা রয়েছে নির্মাতাদের? আর সেই পরিচিতির ওপর সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার কতটুকু? দিল্লি হাইকোর্টে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তিতেই মিলবে এসব প্রশ্নের উত্তর।
বাংলাদেশ সময়: ৯:১৫:২০ ● ১৫ বার পঠিত
