শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬

আমতলীতে বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান, চাঞ্চল্য

হোম » বরগুনা » আমতলীতে বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান, চাঞ্চল্য
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬


 

আমতলীতে বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান, চাঞ্চল্য

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। তাঁর পক্ষে বক্তব্য দিতে গিয়ে এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার নামের দুই কর্মী এ স্লোগান দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে হলদিয়া ইউনিয়নের চরচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জহিরুল ইসলাম লিমন হাওলাদার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনি বিভিন্ন এলাকায় পথসভা করছেন। বৃহস্পতিবারের সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পথসভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জয় কামনা করে বক্তব্য শেষ করেন তাঁরা। তাঁদের এমন বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁদের নিবৃত করার চেষ্টা করেন। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী সভাস্থল ত্যাগ করেন।

 

ঘটনার ভিডিও অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকে এনামুল, হাবিব এবং তাঁদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে ওই দুই ব্যক্তি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

এদিকে অভিযোগ উঠেছে, হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে জহিরুল ইসলাম লিমন হাওলাদার আওয়ামী লীগের সাবেক নেতাকর্মী ও তাঁদের সহযোগীদের দলে ভেড়াচ্ছেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন। তাঁদের মধ্য থেকেই ওই দুই ব্যক্তি পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের অভিযোগ, ৫ আগস্টের পর থেকেই জহিরুল ইসলাম লিমন হাওলাদার আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করে আসছেন। তাঁর আশ্রয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নতুন করে বিএনপির পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, ‘গ্রামের মানুষ না বুঝে জয় বাংলা বলে ফেলেছে। তারা না আওয়ামী লীগ করে, না বিএনপি করে।’

 

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, ‘বিষয়টি আমি জানি না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ৮ অক্টোবর গুলিশাখালী ইউনিয়নের ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বক্তব্যের পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। ওই ঘটনায় চার শিক্ষার্থীকে বিএনপির নেতাকর্মীরা ধরে উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ে নির্যাতনের পর মামলায় আসামি করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিন শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ পর জামিনে মুক্তি পেলেও সাইফুল কাজী এখনো কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৭ ● ২৪ বার পঠিত