শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
চরফ্যাশনে তিন দিন তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
হোম » ভোলা » চরফ্যাশনে তিন দিন তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে এক তরুণীকে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহাবুদ্দিন কসাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আত্মগোপনে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী পার্শ্ববর্তী লালমোহন উপজেলার বাসিন্দা। গত ২ নভেম্বর রাত ১০টা থেকে ৫ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। চরফ্যাশন পৌর এলাকার শরীফপাড়ায় আজাদ তালুকদারের বাসার চারতলায় শাহাবুদ্দিন কসাইয়ের ভাড়া বাসায় তাকে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
একপর্যায়ে তরুণীর চিৎকার ও স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও স্থানীয় এক আলোকচিত্রীর সহায়তায় তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্ত শাহাবুদ্দিন কসাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ওসি আরও বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। ভুক্তভোগীর প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ১৮:২১:০৫ ● ১৬ বার পঠিত
