বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি
হোম » ঢাকা » ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় নবম, দশম ও অষ্টম শ্রেণির ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাদের ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়া।
স্কুল সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর শ্রেণিকক্ষের ভেতরে কয়েকজন শিক্ষার্থী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ সময় স্লোগান দেওয়ার ভিডিও মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়।
ঘটনার পরদিন ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করে। বুধবার (৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষক মো. জিয়া বলেন, ৬ অক্টোবর স্কুলের ভেতরে কয়েকজন শিক্ষার্থী নিষিদ্ধ রাজনৈতিক স্লোগান দেয়। ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে নামাজ শেষে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে স্কুলে মিছিলের বিষয়ে জানতে চাওয়া হয়। অন্যান্য শিক্ষকের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২২:৩৮ ● ২২ বার পঠিত
