বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬

আনারসের পিৎজা বানাতে অস্বীকৃতি, চাকরি হারালেন ইতালীয় শেফ

হোম » বিশ্ব » আনারসের পিৎজা বানাতে অস্বীকৃতি, চাকরি হারালেন ইতালীয় শেফ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


আনারসের পিৎজা বানাতে অস্বীকৃতি, চাকরি হারালেন ইতালীয় শেফসাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

ইতালীয় সংস্কৃতির প্রতি অসম্মান হবে, এমন যুক্তিতে পিৎজায় আনারস দিতে রাজি হননি এক ইতালীয় বংশোদ্ভূত শেফ। এ নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনের শেফ দাভিদে তাম্বুরেলা। চাকরিচ্যুতির বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়েও সফল হননি তিনি।

 

তাম্বুরেলা ব্রিসবেনের ‘লা কস্তা’ নামের একটি রেস্তোরাঁয় কাজ করতেন। গত মে মাসে তাঁকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। এর প্রায় দুই সপ্তাহ আগে তাঁর আচরণ ও কর্মসম্পাদন নিয়ে একটি বৈঠক হয়। সেখানে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। এর মধ্যে ছিল, রেস্তোরাঁর একটি অনুষ্ঠানে অতিথিদের জন্য হ্যাম ও আনারস দেওয়া পিৎজা তৈরি করতে অস্বীকৃতি জানানো।

 

তাম্বুরেলা স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সংস্কৃতির জন্য অপমানজনক মনে হয়, এমন নির্দেশ তিনি মানবেন না। তাঁর দাবি, তাঁকে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি অস্ট্রেলিয়ার শ্রমবিষয়ক ট্রাইব্যুনাল ‘ফেয়ার ওয়ার্ক কমিশনে’ অভিযোগ করেন। তাঁর অভিযোগের সূত্র ধরেই ঘটনাটি সামনে আসে।

 

কমিশন জানায়, ইতালীয় বংশোদ্ভূত তাম্বুরেলা মনে করেন, পিৎজায় আনারস ব্যবহার তাঁর দেশের সংস্কৃতিকে ছোট করার শামিল। গত চার বছরে তিনবার তিনি পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে রেস্তোরাঁর মালিককে বিষয়টি ইতালীয়দের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা যাচাই করে দেখার পরামর্শও দিয়েছিলেন তিনি।

 

ঘটনাটি ঘটে একটি বড় ব্যক্তিগত অনুষ্ঠানের খাবারের আয়োজন ঘিরে। ওই অনুষ্ঠানের জন্য ১৫ হাজার অস্ট্রেলীয় ডলারের বেশি মূল্যের বুকিং করা হয়েছিল। আয়োজকের বিশেষ চাহিদা ছিল হ্যাম ও আনারস দেওয়া পিৎজা। কিন্তু তাম্বুরেলা তা তৈরি করতে অস্বীকৃতি জানান। রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রাম জানান, বিষয়টি শুধু তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ছিল না; গ্রাহকের চাহিদা পূরণ করাও রেস্তোরাঁ পরিচালনার অংশ।

 

কুইন্সল্যান্ডে অবস্থিত রেস্তোরাঁটির অবস্থানও এ ঘটনায় আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়ার বাণিজ্যিকভাবে উৎপাদিত আনারসের প্রধান উৎস এই রাজ্য। এখানকার সানশাইন উপকূলে রয়েছে ফাইবারগ্লাসের তৈরি ১৬ মিটার উঁচু ‘দ্য বিগ পাইনঅ্যাপল’ নামের বিশাল ভাস্কর্য। এটি ওই অঞ্চলের অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ।

 

তাম্বুরেলা কর্মজীবনে ভালো মানের খাবার তৈরি ও ব্যবসার উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা লিংকডইনে লিখেছেন। তিন মাস আগে শেফদের উদ্দেশে দেওয়া এক খোলাচিঠিতে তিনি খাবারের উপকরণের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানান।

 

তবে চাকরি হারানোর পর তাঁর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের ভিসা পাওয়ার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়। নিয়োগকর্তার মাধ্যমে স্থায়ী বসবাসের ভিসার আবেদন এগিয়ে নেওয়ার কথা ছিল তাঁর। চাকরি চলে যাওয়ায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বন্ধ করে দেয়।

 

বর্তমানে ব্রিসবেনের আরেকটি ইতালীয় রেস্তোরাঁয় প্রধান শেফ হিসেবে কাজ করছেন তাম্বুরেলা। মজার বিষয় হলো, নতুন রেস্তোরাঁটির খাবারের তালিকায় আনারস দিয়ে তৈরি কোনো পদ নেই। তাঁর সাবেক কর্মস্থল ‘লা কস্তা’ গত জুলাইয়ে ইজারার মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯:০২:১৯ ● ২৩ বার পঠিত