বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬

বরগুনায় আট বছরেও চালু হয়নি টাউন হল, সাংস্কৃতিক মঞ্চে এখন ছাগলের হাট

হোম » বরগুনা » বরগুনায় আট বছরেও চালু হয়নি টাউন হল, সাংস্কৃতিক মঞ্চে এখন ছাগলের হাট
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


বরগুনায় আট বছরেও চালু হয়নি টাউন হল, সাংস্কৃতিক মঞ্চে এখন ছাগলের হাটসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার সাংস্কৃতিক অঙ্গনের ঐতিহ্যবাহী সিরাজ উদ্দিন টাউন হলের নতুন অডিটরিয়াম নির্মাণকাজ আট বছরেও শেষ হয়নি। সাত কোটি টাকার বেশি ব্যয়ে ৫০০ আসনের আধুনিক অডিটরিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে কাজ পুরোপুরি বন্ধ। প্রায় পাঁচ কোটি টাকা বিল পরিশোধের পরও অসমাপ্ত পড়ে থাকা ভবনটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাস্থলে। প্রতি শনি ও মঙ্গলবার ভবনের বারান্দায় বসছে ছাগলের হাট।

 

বরগুনার জিরো পয়েন্টের চার রাস্তার মোড়ে অবস্থিত টাউন হল একসময় জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল। এখানে নিয়মিত নাটক, গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন হতো। এই মঞ্চে নাট্যচর্চার মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন অভিনেতা মীর সাব্বির, দেবাশীষসহ অনেকে। পরবর্তী সময়ে তাঁরা জাতীয় পর্যায়েও কাজ করেছেন।

 

পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন অডিটরিয়াম নির্মাণের উদ্যোগ নেয় বরগুনা পৌরসভা। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ২০১৮ সালে ৫০০ আসনের অডিটরিয়াম নির্মাণ শুরু হয়। যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান এএসি অ্যান্ড এনটি জেভি কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায়। চুক্তি অনুযায়ী, ২০২০ সালের ২৭ মার্চের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর আরও ছয় বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি।

 

পৌরসভা সূত্রে জানা গেছে, অডিটরিয়াম নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার টাকা। বিপুল অঙ্কের বিল পরিশোধের পরও ভবনটি অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। কবে নাগাদ নির্মাণকাজ শেষ হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না পৌর কর্তৃপক্ষ।

 

অডিটরিয়ামটি চালু না হওয়ায় উপযুক্ত মঞ্চের অভাবে দীর্ঘদিন ধরে নিয়মিত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারছেন না সংস্কৃতিকর্মীরা। এতে নতুন প্রজন্মের শিল্পীদের সাংস্কৃতিক চর্চার সুযোগও কমে যাচ্ছে।

 

বরগুনা পাবলিক পলিসি ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু ও মনির হোসেন কামাল বলেন, জায়গার অভাবে মঞ্চনাটকসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা যাচ্ছে না। অডিটরিয়ামটি চালু হলে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরত। কিন্তু অর্ধনির্মিত ভবনটি পরিত্যক্ত থাকায় সেখানে মাদকসেবীদের আড্ডা ও অসামাজিক কর্মকাণ্ড চলছে। পাশাপাশি ঐতিহ্যবাহী টাউন হলের বারান্দায় ছাগল বেচাকেনার হাট বসছে।

 

অভিনেতা মুশফিক আরিফ বলেন, বরগুনার সাংস্কৃতিক অঙ্গনের ঐতিহ্যবাহী এই মঞ্চ ঘিরে আবারও প্রাণচাঞ্চল্য ফেরার অপেক্ষায় রয়েছেন সংস্কৃতিকর্মীরা। প্রায় পাঁচ কোটি টাকা বিল পরিশোধের পরও কেন আট বছর ধরে নির্মাণকাজ শেষ হচ্ছে না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, কবে খুলবে বরগুনার সাংস্কৃতিক চর্চার এই বন্ধ দুয়ার?

 

তবে ঠিকাদার মো. আবুল হোসেন খানের দাবি, অডিটরিয়াম নির্মাণের জন্য বরাদ্দ করা অর্থ পৌর কর্তৃপক্ষ অন্য প্রকল্পে ব্যয় করেছে। ফলে কাজ শেষ করলেও বিল পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বরাদ্দের অর্থ ও বিল পরিশোধের নিশ্চয়তা দেওয়া হলে তিনি নির্মাণকাজ শেষ করবেন।

 

নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়ে বরগুনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কাজ এগিয়ে নিতে আগ্রহ দেখাচ্ছে না।

 

বরগুনা পৌরসভার প্রশাসক সজল চন্দ্র শীল বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এ কারণে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৪৯ ● ৩২ বার পঠিত