শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল: নয়ন
হোম » রাজনীতি » সরকারবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল: নয়ন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করছেন। পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও সরকার কাজ করছে। সরকারের লক্ষ্য বাস্তবায়নে পাশে থাকার পাশাপাশি সরকারবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে যুবদল মাঠে থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় ভোলার মনপুরার হাজিরহাট বাজারে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপিকে ভোট দেওয়া বা না দেওয়া, সব নাগরিকই নিরাপদ। তবে অপরাধীরা এর বাইরে। দলের অন্যায়কারী কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি যত বড় নেতাই হোন না কেন, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ৫ আগস্টের পর অপরাধে জড়িত যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে শোকজ, কাউকে বহিষ্কার করা হয়েছে, আবার কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। সবাইকে অপরাধের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
এর আগে নুরুল ইসলাম নয়ন উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের পাকা সড়কের উদ্বোধন করেন। এ ছাড়া বিচ্ছিন্ন মনপুরা উপজেলার উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা এবং ভোলা জেলা যুবদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, আইনবিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্যসচিব শাহেদুল ইসলাম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮:৫০:৩৩ ● ২১ বার পঠিত
