শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬

কড়া পুলিশি নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলীয় জোটের লংমার্চ

হোম » রাজনীতি » কড়া পুলিশি নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলীয় জোটের লংমার্চ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬


 

কড়া পুলিশি নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলীয় জোটের লংমার্চ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়িবহর কড়া পুলিশি নিরাপত্তায় গোপালগঞ্জ জেলা অতিক্রম করেছে। তবে জেলার সীমানার মধ্যে কোথাও পথসভা, সমাবেশ বা বক্তৃতা করেননি জোটের নেতাকর্মীরা।

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নির্ধারিত রুট অনুযায়ী ভাঙ্গা হয়ে লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জ জেলা শহর অতিক্রম করে। এ সময় সড়কের দুই পাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়িয়ে ১১ দলীয় জোটের সাত দফা দাবির প্রতি সমর্থন জানান গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীসহ জোটের স্থানীয় নেতাকর্মীরা।

 

লংমার্চের গাড়িবহর চলাচলের সময় গোপালগঞ্জের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও নিরাপত্তাবেষ্টনী দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

এর আগে জোট ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জানিয়েছিলেন, গোপালগঞ্জের মহাসড়ক ব্যবহার করে শুধু জেলা অতিক্রম করবেন তারা। জেলার কোথাও কোনো পথসভা বা সমাবেশ করবেন না। সে অনুযায়ী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গাড়িবহরটি গোপালগঞ্জ ছাড়িয়ে বাগেরহাট ও খুলনার দিকে এগিয়ে যায়।

 

এ বিষয়ে বক্তব্য দিয়েছেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান এবং গোপালগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক হাসান নদভী।

বাংলাদেশ সময়: ১৭:১৪:০৭ ● ১৪ বার পঠিত