শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় চার পাহাড়ি বানরসহ আটক ৪ বাজিকর

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় চার পাহাড়ি বানরসহ আটক ৪ বাজিকর
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় চার পাহাড়ি বানরসহ আটক ৪ বাজিকর

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় চারটি পাহাড়ি বন্য বানরসহ চার বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বন বিভাগের সহায়তায় কলাপাড়া শহরের ব্রিজসংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন। উদ্ধার করা বানরগুলোর প্রতিটির বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর।

 

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ চার বাজিকরকে আটক করা হয়েছে। বন বিভাগের সহায়তায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

 

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা ভবিষ্যতে বন্যপ্রাণী সংরক্ষণ করবেন এবং এ ধরনের কাজে জড়াবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। পরে বন বিভাগ তাঁদের ছেড়ে দেয়।

 

উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া কোনো বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৪৫ ● ২৪ বার পঠিত