শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক গণঅধিকার পরিষদের নেতা
হোম » পটুয়াখালী » ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক গণঅধিকার পরিষদের নেতা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের এক নেতা। আটক মো. মনির মীর গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে মজিবুল হক খলিফার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। মনির মীর গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোলখালী গ্রামের বাসিন্দা আ. কাদের মীরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের কয়েকজন জেলে মজিবুল হক খলিফার বাড়ির সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁরা এক ব্যক্তিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পরিচয় জানতে পারেন। তিনি সাবেক ইউপি সদস্য মনির মীর। এরপর তাঁকে ঘটনাস্থলের কাছাকাছি পূর্ব দক্ষিণ নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখা হয়। শুক্রবার সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয় জনতা মনির মীরকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে, গলাচিপায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। একের পর এক চুরির ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ছেন বিভিন্ন এলাকার মানুষ। নতুন ট্রান্সফরমার স্থাপন না হওয়া পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে তাঁদের।
উত্তর পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিল্টন বলেন, দেড় মাস আগে নতুনগ্রাম নামের একটি এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই এলাকার প্রায় ২৫টি পরিবার এক সপ্তাহ বিদ্যুৎহীন ছিল। চুরির পর নতুন ট্রান্সফরমার স্থাপন না করা পর্যন্ত পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, গত দুই মাসে ওই এলাকায় চার থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের ঘটনা ঘটায় এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। চুরির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
গলাচিপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জয় প্রকাশ নন্দী জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় কেউ বাদী না হলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৫৮:১৮ ● ৩৩ বার পঠিত
