বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
নাজিরপুরে বাল্যবিবাহ রোধে সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ
হোম » পিরোজপুর » নাজিরপুরে বাল্যবিবাহ রোধে সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে অভিভাবক ও কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কিশোরীদের মধ্যে চেক ও উপহার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিআরডিবির উপপরিচালক মো. নাজমুল আনোয়ার।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হালিম, একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
বক্তারা বাল্যবিবাহের কুফল তুলে ধরে কিশোরীদের লেখাপড়া অব্যাহত রাখা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কিশোরীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার কথাও তুলে ধরেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কিশোরীদের লেখাপড়া অব্যাহত রাখা, অল্প বয়সে বিয়ে না দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষায় সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৩০:৫১ ● ২৮ বার পঠিত
