বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার শেষ দিনেও কচা নদীতে ইলিশ শিকার, ৩ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা
হোম » আইন-আদালত » নিষেধাজ্ঞার শেষ দিনেও কচা নদীতে ইলিশ শিকার, ৩ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ দিনেও কচা নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়াসংলগ্ন কচা নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার জাহাঙ্গীর হোসেন, মইনুদ্দিন ও কবির হোসেন।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার পাঁচটি নদীতে যৌথভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞার শেষ দিনে কচা নদী থেকে ওই তিন জেলেকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৯০-এর ৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ২১:১৪:৪৯ ● ২৩ বার পঠিত
