বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
মনপুরায় পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুই নেতার সমর্থকদের হাতাহাতি, উত্তেজনা
হোম » ভোলা » মনপুরায় পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুই নেতার সমর্থকদের হাতাহাতি, উত্তেজনা
![]()
সাগরকন্যা প্রতিনিধি, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে পুকুরপাড়ে বিলবোর্ডের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আগ্রহী একাধিক ব্যক্তি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রয়েছেন। তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, তাঁর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা পোস্টার লাগাতে গেলে সেলিম মোল্লার ছোট ভাইয়ের নেতৃত্বে তাঁদের বাধা দেওয়া হয়। এ নিয়ে পরে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি এ ঘটনার নিন্দা জানান।
অন্যদিকে, আবদুল খালেক সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। ফেসবুকের মাধ্যমে পোস্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, একজনের পোস্টার ছিঁড়ে অন্যজনের পোস্টার লাগানো আইনগত অপরাধ। বিরোধপূর্ণ স্থানে পোস্টার না লাগানোর জন্য উভয় পক্ষকে নিষেধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০০:২৩ ● ২৯ বার পঠিত
