বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
বরগুনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ
হোম » বরগুনা » বরগুনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
‘সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। সুস্থ থাকতে শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে অভ্যস্ত করতে হবে।’ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বরগুনায় আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শিশির কুমার বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা মো. শাকুর।
বক্তারা বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। এ জন্য বিদ্যালয়সহ জনসমাগমস্থলে পানি ও সাবানের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয় এবং তাদের মধ্যে সাবান বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৪:২০ ● ৩০ বার পঠিত
