বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬

টেকনাফে ‘রফিক বাহিনীর’ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার

হোম » চট্টগ্রাম » টেকনাফে ‘রফিক বাহিনীর’ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬


টেকনাফে ‘রফিক বাহিনীর’ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনীর’ সক্রিয় সদস্য শেখ বিজয়কে (২৩) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। এ সময় তাঁর হেফাজত থেকে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড গোলাবারুদ, ২৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ছয়টি ধারালো ছোরা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

 

আটক শেখ বিজয় টেকনাফের হোয়াইক্যং খারাংখালি পূর্ব মহেশখালিয়াপাড়ার শাহ আলমের ছেলে।

 

এসআরবি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল নয়াবাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দলটি জানতে পারে, কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেশখালিয়াপাড়া এলাকায় অবস্থান করছে।

 

এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি পশ্চিম মহেশখালিয়াপাড়ায় মো. শাহজাহানের বসতবাড়ির উত্তর পাশের খালপাড়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন শেখ বিজয়কে আটক করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।

 

এসআরবি জানায়, পরে শেখ বিজয়ের হেফাজত থেকে একটি একনলা দেশীয় বন্দুক, দুটি ওয়ান শুটার এলজি, ১৭ রাউন্ড গোলাবারুদ, ২৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ছয়টি ধারালো ছোরা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক শেখ বিজয়কে উদ্ধার করা আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসআরবি কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৩২:৩০ ● ২০ বার পঠিত