বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি, উত্তাল সাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

হোম » পটুয়াখালী » ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি, উত্তাল সাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬


ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি, উত্তাল সাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

অতি প্রবল ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। উত্তাল রয়েছে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ঘূর্ণিঝড়টি আজ দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্নব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৮ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে মাছ ধরার কোনো ট্রলার সাগরে নেই। সবাই ৩০ অক্টোবর সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০২:৩৭ ● ১৬ বার পঠিত