মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
বেতাগীতে সড়কের মাটি সরে দুর্ঘটনার ঝুঁকি, আতঙ্কে পথচারীরা
হোম » বরগুনা » বেতাগীতে সড়কের মাটি সরে দুর্ঘটনার ঝুঁকি, আতঙ্কে পথচারীরা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগী পৌরসভার বিভিন্ন সড়কের নিচ ও পাশ থেকে মাটি সরে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। এতে প্রতিদিন এসব সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম থেকে সোবাহান মেম্বারের বাড়ি হয়ে কেওয়াবুনিয়া পর্যন্ত, ২ নম্বর ওয়ার্ডের দাসের ব্রিজ থেকে মল্লিকবাড়ি হয়ে নাপিতবাড়ি পর্যন্ত, ৪ নম্বর ওয়ার্ডের টাউন ব্রিজ থেকে হাইস্কুল হয়ে স্লুইসঘাট পর্যন্ত এবং ৮ নম্বর ওয়ার্ডের সবদার চান মুন্সীর মাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত আরসিসি সড়কগুলোর প্রায় চার কিলোমিটার অংশসহ আরও একাধিক সড়কের নিচ ও পাশের মাটি ধসে গেছে। এতে সড়কের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে।
এসব সড়ক দিয়ে নারী, শিশু, বৃদ্ধ, রোগী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবীসহ শত শত মানুষ চলাচল করেন। সড়কের মাটি সরে যাওয়ায় তাঁদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ১ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম থেকে সোবাহান মেম্বারের বাড়ি হয়ে কেওয়াবুনিয়া পর্যন্ত আরসিসি সড়ক দিয়ে নদীর তীররক্ষা বাঁধের ব্লক তৈরির পাথর, বালু ও সিমেন্টবোঝাই মাহিন্দ্রা চলাচল করায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ওই পথে নিয়মিত যাতায়াতকারী ইংরেজি শিক্ষক ফোরকান হোসেন বলেন, সড়কের মাটি সরে যাওয়ায় ঝোপখালী, উত্তর বেতাগী ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে। দুর্ঘটনা এড়াতে পৌর কর্তৃপক্ষের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন অথবা লাল পতাকা টাঙানোর ব্যবস্থা করা প্রয়োজন।
বেতাগী পৌরসভার সিএনজিচালক মো. আফজাল হোসেন বলেন, বিশেষ করে রাতে কিংবা অসাবধানতাবশত রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চালকেরা চরম ঝুঁকিতে পড়ছেন।
এলাকাবাসীর অভিযোগ, সড়কগুলোর এমন বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চললেও জনদুর্ভোগ কমাতে এবং প্রাণহানির ঝুঁকি এড়াতে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এ বিষয়ে বেতাগী পৌরসভার মেয়র মুহ. সাদ্দাম হোসেন বলেন, পৌরসভার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়কে মাটি ধসে পড়ায় মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি তিনি জেনেছেন। ক্ষতিগ্রস্ত স্থানে গাইডওয়াল নির্মাণসহ সড়কটি স্থায়ীভাবে মেরামতের জন্য পৌর কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে তাগিদ দিয়েছেন। আশা করছেন, দ্রুত কাজ শুরু হবে।
বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা তাঁদের কাছে অগ্রাধিকার। মানুষের চলাচল স্বাভাবিক রাখতে সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত ও টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৮ ● ২২ বার পঠিত
