মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬

ভারতে চার বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দম্পতি ও শিশু

হোম » খুলনা » ভারতে চার বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দম্পতি ও শিশু
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬


 

ভারতে চার বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দম্পতি ও শিশু

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল

 

ভারতে চার বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন এক দম্পতি ও তাঁদের দুই বছর বয়সী শিশু সন্তান। সোমবার রাতে ভারত থেকে তাঁদের বেনাপোলে হস্তান্তর করা হয়।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

 

এর আগে সোমবার রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ নোম্যান্সল্যান্ডে তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

 

ফেরত আসা ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের আল আমিন শেখ (৩২), তাঁর স্ত্রী জোসনা আক্তার (২৭) ও তাঁদের দুই বছর বয়সী ছেলে আরমান শেখ।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ওই দম্পতি ও তাঁদের শিশুসন্তানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাঁদের গ্রহণ করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করবে।

 

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, ভালো কাজের আশায় সাত বছর আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কেরালায় যান ওই দম্পতি। সেখানে আল আমিন শেখ শ্রমিক হিসেবে এবং তাঁর স্ত্রী জোসনা আক্তার বাসাবাড়িতে কাজ করতেন।

 

পরে ভারতের পুলিশের হাতে আটক হন তাঁরা। পুলিশ তাঁদের আদালতে পাঠালে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত চার বছরের কারাদণ্ড দেন। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থার দায়িত্বে তাঁদের একটি শেল্টার হোমে রাখা হয়।

 

মুহিত হোসেন আরও জানান, দুই দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার রাতে তাঁরা দেশে ফেরেন। বেনাপোল পোর্ট থানা থেকে তাঁদের গ্রহণ করে শেল্টার হোমে রাখা হয়েছে। মঙ্গলবার তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:০৩ ● ২৬ বার পঠিত