সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সক্রিয় হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের
হোম » বরগুনা » অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সক্রিয় হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং মামলার তদন্তে গুণগত মান বাড়াতে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরেও জোর দিয়ে তিনি পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভায় এসব নির্দেশনা দেন পুলিশ সুপার।
বরগুনা পুলিশ লাইন্স মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার। প্যারেড শেষে তিনি অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।
পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেন। এ সময় দায়িত্ব পালনে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি।
সভায় গত মাসে মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লুলেস মামলা উদ্ঘাটন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের অর্থ পুরস্কার দেওয়া হয়।
দুপুর ১টায় পুলিশ অফিসের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়। সভায় মামলার তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত কার্যক্রমে পেশাদারত্ব বজায় রাখা এবং সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা সহজলভ্য ও মানসম্মত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার আশফাকুজ্জামান-বিপিএম, পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ-পিপিএম, আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম মাসুদসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫০ ● ২৩ বার পঠিত
