রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬

জিয়ানগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ রহস্যজনক নিখোঁজ, থানায় জিডি

হোম » পিরোজপুর » জিয়ানগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ রহস্যজনক নিখোঁজ, থানায় জিডি
রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬


 

গৃহবধূ ইমা। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ইমা (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার সকালে ভান্ডারিয়ার জামিরতলা গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁর মা লিপি বেগম শনিবার রাতে জিয়ানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

নিখোঁজ ইমা জিয়ানগর উপজেলার বাড়ৈখালী গ্রামের মো. হেলাল হাওলাদারের মেয়ে। তাঁর স্বামী ইব্রাহীম বেপারী ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রামের মৃত হাকিম বেপারীর ছেলে।

 

ইমার মা লিপি বেগম জানান, বৃহস্পতিবার সকালে তাঁর মেয়ে বাবার বাড়িতে আসেন। এ সময় নাতনির বিষয়ে জানতে চাইলে ইমা জানান, মেয়েকে তাঁর চাচির কাছে রেখে এসেছেন। ওই দিন তিনি বাবার বাড়িতে থাকেন। পরদিন শুক্রবার সকালে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হলে লিপি বেগম জামাতা ইব্রাহীম বেপারীকে ফোন করে বিষয়টি জানান। তিনি মেয়েকে গাড়িতে তুলে দিয়েছেন বলেও জানান।

 

লিপি বেগম বলেন, প্রায় এক ঘণ্টা পর জামাতাকে আবার ফোন করে ইমা শ্বশুরবাড়িতে পৌঁছেছেন কি না জানতে চান। তখন ইব্রাহীম জানান, ইমা সেখানে পৌঁছাননি। পরে তিনি ছেলেকে নিয়ে জামাতার বাড়িতে গেলে তাঁদের সঙ্গে উল্টাপাল্টা কথাবার্তা বলা হয় বলে অভিযোগ করেন। এরপর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ইমার সন্ধান পাননি।

 

এ বিষয়ে ইমার স্বামী ইব্রাহীম বেপারী মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী বাবার বাড়িতে যান এবং বিকেলে ফিরে আসার কথা ছিল। তবে সেদিন বিকেলে তিনি বাড়িতে ফেরেননি। পরদিন সকালে ইমার মা ফোন করে জানান, তাঁকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। এরপর ভান্ডারিয়ায় গিয়ে স্ত্রীকে নিয়ে আসতে বলা হয়। কিন্তু ইমা তাঁর বাড়িতে পৌঁছাননি।

 

ইব্রাহীম আরও বলেন, ইমা কোথায় নিখোঁজ হয়েছেন, তা তিনি জানেন না। তাঁকেও পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি করতে হচ্ছে। ইমাকে পাওয়া গেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যাবে।

 

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ইমা নামে এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৪৭ ● ৩১ বার পঠিত