শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, গোপনে গার্ড অব অনার
হোম » মুক্তিযুদ্ধ » সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, গোপনে গার্ড অব অনার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। তাঁর মরদেহে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার দেওয়ার বিরোধিতা করে তাঁকে পিরোজপুরের মাটিতে কবর দিতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। পরে পুলিশ লাইনসের ভেতরে গার্ড অব অনার দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন।
মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুর-১ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ছিলেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে মানিক পশারীর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও দাফনের জন্য পিরোজপুরে আনা হয়।
পরিবারের অভিযোগ, দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে গার্ড অব অনার দেওয়ার জন্য মরদেহ নেওয়া হলে বাধার মুখে পড়তে হয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইনসের ভেতরে গার্ড অব অনার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মানিক পশারীর মেয়ের জামাতা ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, ‘সকাল ১০টার দিকে আমার শ্বশুর মারা যান। দুপুর ১২টায় আমরা পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলে, তিনি গার্ড অব অনার দেওয়ার কথা বলে বিকেল ৫টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন।’
তিনি আরও বলেন, ‘উনি (শ্বশুর) একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ কিংবা চা পাতা ছাড়াই ৪-৫ ঘণ্টা রাখার পর কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর আমাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহ দাফনের দায়িত্ব ইউএনও নেননি। এখনো (রাত ৯টা) আমরা মরদেহ নিয়ে পুলিশ লাইনসে রয়েছি।’
মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ‘মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁকে কোনোভাবেই গার্ড অনার দিতে দেওয়া হবে না। শুধু তাই নয়, পিরোজপুরের মাটিতে মানিক পশারীকে কবর দিতেও দেব না।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীর মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে মানিক পশারী পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। দুই মাস আগে অসুস্থ হয়ে পড়ার পর শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১:৫৪:২৯ ● ৩৩ বার পঠিত
