শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
দশমিনায় জমি চাষে বাধা ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১
হোম » পটুয়াখালী » দশমিনায় জমি চাষে বাধা ও হামলার অভিযোগ, গ্রেপ্তার ১
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার পাঁচখালী চরে জমি চাষাবাদে বাধা, হামলা ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় রেকর্ডীয় মালিকেরা। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার পুঁজাখোলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি মো. জিয়া তালুকদার।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ২২ অক্টোবর স্থানীয় মনির চৌকিদার ও তাঁর সহযোগীরা রেকর্ডীয় মালিকদের জমিতে চাষাবাদে বাধা দেন। এ সময় তাঁরা হামলা ও মারধর করেন। এতে জমির রেকর্ডীয় মালিকসহ ১৫ জন আহত হন। গুরুতর আহত মোস্তফা খলিফা ও আউয়াল ফকিরকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহত ব্যক্তিরা দশমিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় ২৩ অক্টোবর ১১ জনকে আসামি করে দশমিনা থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে মনির চৌকিদার বলেন, ‘আমরা কাউকে মারধর করিনি। তাঁরা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাকুর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৮:৫৫:৪০ ● ২৬ বার পঠিত
