শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬

মনপুরায় মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে ৯৫ হাজার টাকা জরিমানা

হোম » জেলে-মৎস্য » মনপুরায় মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে ৯৫ হাজার টাকা জরিমানা
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

মনপুরায় মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে ৯৫ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় যৌথ অভিযানে ১৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩০ কেজি মা ইলিশ ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাসের হাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব আটক ১৯ জেলেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয় এবং ৩০ কেজি মা ইলিশ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

 

জরিমানা দেওয়া জেলেরা হলেন কালাম, রুবেল, শামিম, বিক্রম, আলিফ, শামিম, সুজন, নুরনবী, ছালাউদ্দিন, ইমন, শাকিব, আলমগীর, মনির, মোছলেহউদ্দিন, রবিন, আজমেরী, রহিম, হেলাল ও আকতার। তাঁদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন, চরফৈজুদ্দিন ও দাসের হাট এলাকায়।

 

মনপুরা উপজেলা মৎস্য কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, ১৯ জেলেকে আটক করে জরিমানা আদায়ের পর ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৯ ● ২৬ বার পঠিত