শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬

কুয়াকাটা বীচ কার্নিভাল ম্যারাথনে অব্যবস্থাপনার অভিযোগ, ৫০০ টাকা নিবন্ধন ফি দিয়েও ক্ষুব্ধ অংশগ্রহণকারীরা

হোম » লিড নিউজ » কুয়াকাটা বীচ কার্নিভাল ম্যারাথনে অব্যবস্থাপনার অভিযোগ, ৫০০ টাকা নিবন্ধন ফি দিয়েও ক্ষুব্ধ অংশগ্রহণকারীরা
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

বীচ ম্যারাথনে অব্যবস্থাপনার অভিযোগ, ৫০০ টাকা নিবন্ধন ফি দিয়েও ক্ষুব্ধ অংশগ্রহণকারীরা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পর্যটন কার্নিভাল উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত ছয় কিলোমিটারের বীচ ম্যারাথনে অংশ নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন প্রতিযোগীরা। ৫০০ টাকা দিয়ে নিবন্ধন করেও দৌড়ের পথে পানির ব্যবস্থা না থাকা, টি-শার্ট পেতে বিলম্ব এবং তথ্যকেন্দ্রে দায়িত্বশীল কাউকে না পাওয়ার অভিযোগ করেছেন অংশগ্রহণকারীরা।

 

শনিবার (২৪ অক্টোবর) ভোর পাঁচটায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ম্যারাথন শুরু হয়ে গঙ্গামতি সৈকতে গিয়ে শেষ হয়। আয়োজকদের এ আয়োজনে আট থেকে নয়শ পর্যটক অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

ঢাকা থেকে আসা অংশগ্রহণকারী ফাতিমা জান্নাত (২৭) বলেন, দীর্ঘ ছয় কিলোমিটার দৌড়ে অংশ নেওয়ার সময় পথে পানির ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল। কিন্তু সেই সুবিধা না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে। একইভাবে যশোরের ব্যবসায়ী মহসীন (৪২) বলেন, নিবন্ধনের পর টি-শার্ট পেতে বিলম্ব হওয়াটা এবং প্রয়োজনীয় তথ্য জানতে তথ্যকেন্দ্রে গিয়ে কাউকে না পাওয়াটা খুবই হতাশার। এটা কোনভাবেই পর্যটন মন্ত্রনালয়ের কাছ থেকে কাম্য ছিলনা।

 

অংশগ্রহণকারীদের মতে, নিবন্ধন ফি নেওয়ার পর প্রতিযোগীদের জন্য প্রয়োজনীয় সেবা, তথ্য ও ব্যবস্থাপনা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব। বিশেষ করে শারীরিক পরিশ্রমনির্ভর ম্যারাথনে পানির ব্যবস্থা ও জরুরি সহযোগিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

 

তবে ম্যারাথনে অংশগ্রহণকারীরা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য, সকালের স্নিগ্ধ পরিবেশ, সমুদ্রের ঢেউ ও সূর্যোদয়ের মনোরম দৃশ্য উপভোগ করেছেন। দৌড় শেষে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসবের।

 

পর্যটন কার্নিভাল ঘিরে সৈকতে নানা আয়োজন থাকলেও প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

 

তবে বীচ কার্নিভালের আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে অংশগ্রহণকারীদের অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য নেবার চেষ্টা করেও তাদের সাথে কথা বলা যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৫৮:১৪ ● ৩৯ বার পঠিত