বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, কিন্তু কেন
হোম » বিশ্ব » যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, কিন্তু কেন
সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে তাঁর প্রশাসন। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিলের কথা জানানো হয়েছিল। এরপর সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাতিলের সংখ্যা আরও বেড়েছে।
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান জোরদারের মধ্যে ভিসা বাতিলের এ তথ্য সামনে এল। ট্রাম্প প্রশাসনের দাবি, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ইতিহাসের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন। তিনি বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো বিদেশি আইন ভাঙলে, প্রতারণা করলে কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়া বিদেশিদের ভিসা বাতিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে বিদেশিদের ভিসা বাতিলের ঘটনায় সমালোচনা করেছেন অধিকারকর্মীরা।
তাঁদের অভিযোগ, জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ ছাড়া অভিবাসনপ্রত্যাশী ও ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও কঠোরভাবে যাচাই করা হচ্ছে।
অধিকারকর্মীদের মতে, এসব অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ রয়েছে। এতে বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, জাতিগত পরিচয়ের ভিত্তিতে অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। মিনেসোটার সোমালি-আমেরিকানদের মতো জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপের বিষয়টিও তাঁরা তুলে ধরেছেন।
২০২৪ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে তাঁর প্রশাসনের পদক্ষেপে বৈধ অভিবাসনও কঠিন হয়ে উঠেছে। কর্মজীবীদের জন্য নির্দিষ্ট কিছু ভিসায় উচ্চ ফি আরোপ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০২:৫৮ ● ১৭ বার পঠিত
