মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬

২০ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন হচ্ছে বরগুনার খাকদোন নদ, ফিরবে কি প্রাণ?

হোম » বরগুনা » ২০ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন হচ্ছে বরগুনার খাকদোন নদ, ফিরবে কি প্রাণ?
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬


 

২০ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন হচ্ছে বরগুনার খাকদোন নদ, ফিরবে কি প্রাণ?

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার মৃতপ্রায় খাকদোন নদে প্রাণ ফেরাতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে পুনঃখননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২১ কিলোমিটার দীর্ঘ নদটির প্রায় ১৬ কিলোমিটার নাব্যতা হারিয়েছে। কোথাও নদটি সরু খালে পরিণত হয়েছে, কোথাও বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে সড়ক, বাঁধ ও বসতবাড়ি। এমন পরিস্থিতিতে পুনঃখননের উদ্যোগ আশার সঞ্চার করলেও দখল ও প্রতিবন্ধকতা দূর করে নদটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের।

 

একসময় বিষখালী ও পায়রা নদীর সংযোগকারী গুরুত্বপূর্ণ জলপথ ছিল খাকদোন। এ নদ দিয়ে চলাচল করত যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী নৌযান। নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা-বাণিজ্য, মৎস্য আহরণ ও কৃষিকাজ। দীর্ঘদিন খনন না করা, পলি জমা, দখল এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে নদটি এখন অস্তিত্বসংকটে। এর সঙ্গে সংযুক্ত ১৫টির বেশি প্রাকৃতিক খালও রয়েছে ঝুঁকিতে।

 

সরেজমিনে দেখা গেছে, বিষখালী নদ থেকে বরগুনা শহরসংলগ্ন প্রায় চার কিলোমিটার অংশে এখনো পণ্যবাহী নৌযান চলাচল করছে। তবে টাউন হল ব্রিজ পার হলেই বদলে যায় নদটির চিত্র। কোথাও পানি কমে নদ সরু হয়ে গেছে, কোথাও পলি জমে হারিয়েছে নাব্যতা। বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া থেকে পায়রা নদীমুখী পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে সড়ক, বাঁধ ও স্থাপনার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

কদমতলার ব্যবসায়ী আলহাজ আবদুল হক শরীফ বলেন, খাকদোন নদে তাঁর দোকানের উত্তর পাশে সরকারি টার্মিনাল ছিল। একসময় এ নদ দিয়ে বড় বড় লঞ্চ চলাচল করত। ব্যবসায়ীরা নৌপথে মালামাল পরিবহন করতেন। দীর্ঘদিন খনন না হওয়ায় নদটি ভরাট হয়ে মরা খালে পরিণত হয়েছে। কোথাও নদ বা খালের অস্তিত্বও সহজে বোঝা যায় না।

 

নদটির নাব্যতা হারানোর প্রভাব পড়েছে কৃষিতেও। স্থানীয় কৃষক সরোয়ার হোসেন বলেন, নদে পানি না থাকায় সেচসংকট দেখা দিচ্ছে। শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে, বর্ষায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। নদটি পুনরুদ্ধার করা গেলে সেচ ও পানি নিষ্কাশন-দুই ক্ষেত্রেই সুফল পাওয়া যাবে বলে আশা তাঁর।

 

পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হান্নান জানান, খাকদোন নদকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সাড়ে ২১ কিলোমিটার অংশ পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। বরগুনা পৌরসভার টাউন হল এলাকা থেকে পূর্ব দিকে পায়রা নদ পর্যন্ত খনন করা হবে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে চলতি বছরই কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৩২:১৫ ● ৪৭ বার পঠিত