সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
সুন্দরবনে ২৬০ টন কয়লাবোঝাই জাহাজসহ আটক ৯
হোম » খুলনা » সুন্দরবনে ২৬০ টন কয়লাবোঝাই জাহাজসহ আটক ৯
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের ভোলা নদী থেকে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো জাহাজ আটক করেছে বন বিভাগ। এ সময় জাহাজে থাকা ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরনবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানিয়েছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, মোংলার পশুর নদীর জয়মনি এলাকায় অবস্থানরত একটি বড় জাহাজ থেকে কার্গোতে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লা বোঝাই করা হয়েছিল। পরে নির্ধারিত গন্তব্যে না গিয়ে সুন্দরবনের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে কয়লা অন্য কোথাও পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কয়লার কোনো বৈধ মালিক বা দাবির পক্ষে প্রয়োজনীয় নথিপত্র পাওয়া যায়নি।
শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে রবিবার বিকেলে শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ও কয়লাবোঝাই জাহাজটি শরণখোলা স্টেশন ঘাটে নেওয়া হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, সুন্দরবনের ভেতরে কয়লাবোঝাই জাহাজ আটকের বিষয়টি তিনি জেনেছেন। বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইন ও পাচার-সংক্রান্ত ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪৬ ● ৩৪ বার পঠিত
