সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬

মনপুরায় মাইক্রোবাসচালক-হেলপারকে মারধর, ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

হোম » ভোলা » মনপুরায় মাইক্রোবাসচালক-হেলপারকে মারধর, ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

মনপুরায় মারধরের ঘটনায় আহত মাইক্রোবাসচালক ইব্রাহীম।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসের চালক ও হেলপারকে মারধর, ৩০ হাজার টাকা ছিনতাই এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।

 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঈশ্বরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন মাইক্রোবাসচালক মো. ইব্রাহীম ও হেলপার এনায়েত। তাঁদের বাড়ি মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রামনেওয়াজ লঞ্চঘাটে যাত্রী ওঠানো নিয়ে হেলপার এনায়েতের সঙ্গে সোবহান, জুম্মান ও রায়হান নামের তিন যুবকের কথা-কাটাকাটি হয়। পরে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঈশ্বরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে ওই তিন যুবকের নেতৃত্বে ৭-৮ জন এর গতিরোধ করেন। এ সময় তাঁরা গাড়ি ভাঙচুর করে চালক ও হেলপারকে মারধর করেন এবং ৩০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

 

চালক ইব্রাহীম বলেন, রামনেওয়াজ লঞ্চঘাটে যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে সোবহান, রায়হান ও জুম্মানের নেতৃত্বে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। পরে তাঁকে ও হেলপার এনায়েতকে মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৫:১৪:৩৭ ● ৩৩ বার পঠিত