রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬

জিয়ানগরে আগুনে হোটেল পুড়ে ছাই, নাশকতার সন্দেহ মালিকের

হোম » পিরোজপুর » জিয়ানগরে আগুনে হোটেল পুড়ে ছাই, নাশকতার সন্দেহ মালিকের
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬


 

জিয়ানগরে আগুনে হোটেল পুড়ে ছাই, নাশকতার সন্দেহ মালিকের

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে মনির শিকদারের একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল মালিকের দাবি, এতে তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন তিনি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

 

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা মাকিদ সিকদার জানান, রাত ২টার দিকে মনির শিকদারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তাপ ও শিখায় পাশের একটি ওষুধের দোকান এবং একটি বসতঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

 

হোটেল মালিক মনির শিকদার বলেন, আগুনে তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে হোটেলে আগুন দিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে তাঁর এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

জিয়ানগর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শরীফ জানান, রাত ২টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে, রাত ২টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

 

তিনি বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আশপাশের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে হোটেলটি সম্পূর্ণ পুড়ে গেছে।

 

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নুরুজ্জামান শরীফ বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ জানা যেতে পারে।

 

ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি অগ্নিকাণ্ডের নিন্দা জানান এবং প্রকৃত কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাজারের ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং ক্ষতিগ্রস্তদের সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।

 

এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় ফরিদ আহমেদ ক্ষতিগ্রস্তদের দলের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।

 

এদিকে গভীর রাতে বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের আগে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ২১:০১:৩৭ ● ২৪ বার পঠিত