রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১

হোম » চট্টগ্রাম » চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬


চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১সাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করেছে গোয়েন্দা সংস্থা ও কাস্টমস ইন্টেলিজেন্স। এ ঘটনায় আবুধাবি থেকে আসা মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রবিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে আসেন কামরুল ইসলাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় কামরুল ইসলামকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। পরে ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তাঁর ব্যাগেজ তল্লাশি করা হয়।

 

এ সময় নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দণ্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।

 

উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। চালানের পরিমাণ নির্ধারণের পর স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় স্বর্ণ পরিবহনের অভিযোগে গ্রেপ্তার যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২২:৫৪ ● ২৫ বার পঠিত