রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
বেতাগীতে চাঁদাবাজি-দখলবাজি বন্ধে ওসিকে কঠোর নির্দেশ চিফ হুইপের
হোম » বরগুনা » বেতাগীতে চাঁদাবাজি-দখলবাজি বন্ধে ওসিকে কঠোর নির্দেশ চিফ হুইপের
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। এসব অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্বে থাকতে পারবেন না বলেও সতর্ক করেছেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বেতাগী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বেতাগী থানার ওসি মো. হারুন অর-রশীদকে উদ্দেশ করে বলেন, ওসি সাহেব, চাঁদাবাজির প্রশ্নে কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলবেন। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া যাবে না। মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলবাজি ও কিশোর গ্যাং নির্মূল করতে পারেন, তাহলে আপনি থাকবেন, না হয় থাকবেন না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মানোন্নয়ন প্রশাসনের অন্যতম দায়িত্ব। সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় বেতাগী থানার ওসি মো. হারুন অর-রশীদসহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চিফ হুইপ বেতাগী উপজেলায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ এবং বেতাগী পৌরসভার উদ্যোগে নির্মিত ‘পৌর পাঠাগার’ উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৬:৫১:৫৪ ● ৩০ বার পঠিত
